বুধবার, ১৭ জুন ২০২৬

রমজানের আগেই কাঁচাবাজারে আগুন

লেবুর হালি ৮০ , শিমের কেজি ১৪০

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬

রমজান আসার আগেই বাজারে আগুন লেগে গেছে। সপ্তাহের ব্যবধানে শাক-সবজি থেকে শুরু করে সবধরণের সবজির মূল্য একলাফে দ্বিগুণ বেড়ে গেছে। বাজারের এমন পরিস্থিতিতে ক্রেতাসাধারণের নাভিশ্বাস চরমে পৌঁছেছে।

ক্রেতাদের অভিযোগ, দেশে সরকারের পরিবর্তনের এই সময়কে কাজে লাগিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। দ্রুত সময়ে বাজার নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বাজারে সক্রিয় সিন্ডিকেটের বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যা বলেন, বাজার স্থিতিশীল করার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে ভূমিকা রাখতেই হবে। রমজানকে টার্গেট করে একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট পণ্যের দাম পরিকল্পিতভাবে বাড়িয়ে দিচ্ছে। তারা ফোনে ফোনে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করছে। সবকিছুর দাম নির্ধারণ করছে। বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার নগরীর রেয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট,কাজির দেউড়ি, চকবাজার, নবাব সিরাজউদ্দৌলা রোড কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ৬০/৭০ টাকা ডজনের লেবু বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। অর্থাৎ এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ২০/৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। গত সপ্তাহের ৪০ টাকা কেজির শিম এখন ১৪০ টাকা। কয়েকদিন আগেও ফুলকপি ২০/২৫ টাকায় বিক্রি হয়েছে বাজারে।বর্তমানে ফুলকপি কেজি ৮০ টাকা দরে চলছে। বরবটি ১২০ টাকা, পেঁপে ৬০ টাকা, বেগুন কেজিতে ২০/৩০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকার গাজর ৬০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে। কাঁচামরিচ কেজি ১৮০ টাকা ২০০ টাকা। সপ্তাহের ব্যবধানে ২৫০ গ্রাম ২০ টাকা মূল্যের ধনে পাতা বিক্রি হচ্ছে এখন ৪০ টাকায়।

বাজারে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা মোহাম্মদ এহসান উল্লাহ বলেন, আমি এক ডজন লেবু নিছি ২৪০ টাকা। দেশে অরাজকতা চলছে। কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। রমজান আসার আগেই বাজারে আগুন লেগে গেছে। এভাবে কি দেশ চলে? সরকার তো নিয়ন্ত্রণ করতে পারছে না। নতুন সরকারের কাছে আমরা সাধারণ মানুষের প্রত্যাশা, এগুলো নিয়ন্ত্রণ করুক।

ভিডিও