চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একটি কেন্দ্রের বাইরে প্রতীক নিয়ে তর্কের জেরে মোহাম্মদ নুরুল আফসার (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ নুরুল আফসার নগরের উত্তর কাট্টলী এলাকার বশির মোহাম্মদ বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, নুরুল আফসার ভোট দিতে যাওয়ার পথে তাকে নয়ন নামে এক যুবক জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছে। জবাবে নুরুল আফসার বলে ভোট দিতে যাচ্ছি। তো কোথায় ভোট দিবি? জবাবে নুরুল আফসার বলে, আমার যেখানে খুশি সেখানে ভোট দেব। এ কথা শুনে নয়ন ও আরমান ‘এদিকে আয় তোর পেটে ভোট দিয়ে দিই’ বলে ছুরিকাঘাত করে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার জানান, ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি কেন্দ্রের অনেক বাইরে ঘটেছে। তবে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।