বুধবার, ১৭ জুন ২০২৬

ভোর থেকেই ভোটারদের ঢল, উৎসবের আমেজ লোহাগাড়ায়

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫

সারাদেশের মতো চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনেও গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে ভোর থেকেই উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ৭টায় উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ভোটারদের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে ভোট দিচ্ছেন তারা। অনেকেই জানান, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত।

ভোট দিতে আসা একাধিক ভোটার বলছেন, ‘অনেক দিন ভোট দিতে পারিনি। তাই সুযোগ পেয়ে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে— ঈদের আনন্দ মনে হচ্ছে।’

এবারের নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের নাজমুল মোস্তফা আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকের শরীফুল আলম চৌধুরী।

ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘জনগণের রায় যেটাই হোক আমরা মেনে নেব। জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠুভাবে ভোট দিতে পারা। তবে গতকাল রাত থেকে অনেক কেন্দ্রে চর দখলের মতো কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। সকালেও কোনো কোনো কেন্দ্রে ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে।’

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ‘ভোটারেরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন। জয়-পরাজয় আল্লাহর হাতে। নির্বাচনের ফলাফল যা হবে, তা মেনে নেব। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাইনি।’

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও বিচ্ছিন্ন অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

ভিডিও