রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ভোটের মাঠে কড়া পাহারা, বিশেষ নজরদারিতে ৬৫৫ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬
ফাইল ছবি— পূর্বতারা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগর ও জেলা মিলিয়ে মোট ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫৫টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা ও সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, কারিগরি কারণে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ শব্দের পরিবর্তে ‘অতি গুরুত্বপূর্ণ’ শব্দটি ব্যবহার করা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকা অনুযায়ী, চারটি নগর আসন ও হাটহাজারীর অংশ নিয়ে ১৬টি থানার অধীনে ৬০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩১০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে খুলশী থানায় ৪৭টির মধ্যে ৪৪টি এবং আকবর শাহ থানার ২৩টি কেন্দ্রের সবকটিই অতি গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। তবে বন্দর থানায় কোনো কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি।

এ ছাড়া কোতোয়ালী থানায় ৫২টির মধ্যে ৩৮টি, সদরঘাটে ২৩টির মধ্যে ১৫টি, চকবাজারে ১৬টির মধ্যে ৪টি, বাকলিয়ায় ৩৯টির মধ্যে ১৩টি, চান্দগাঁওয়ে ৫৬টির মধ্যে ২৭টি, পাঁচলাইশে ৩২টির মধ্যে ১৯টি, বায়েজিদ বোস্তামীতে ৫৬টির মধ্যে ১৮টি, ডবলমুরিংয়ে ৪৮টির মধ্যে ১৮টি, হালিশহরে ৪২টির মধ্যে ৩২টি, পাহাড়তলীতে ২৮টির মধ্যে ২০টি, ইপিজেডে ৩১টির মধ্যে ১৩টি, পতেঙ্গায় ২৫টির মধ্যে ৭টি এবং কর্ণফুলীতে ৪৭টির মধ্যে ১৯টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ।

সিএমপির ডেপুটি কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, সব ভোটকেন্দ্রকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অধীনে থাকা ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলা পর্যায়ে সাতকানিয়া ও লোহাগাড়ায় সর্বোচ্চ ৬৮টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ। এছাড়া সীতাকুণ্ডে ৪৮টি, চন্দনাইশে ৪২টি, বাঁশখালীতে ৪১টি, হাটহাজারীতে ৩০টি, সন্দ্বীপে ২৪টি, পটিয়ায় ২৪টি, বোয়ালখালীতে ২৫টি, রাউজানে ২১টি, আনোয়ারায় ১৩টি, দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৬টি এবং ভূজপুরে ৩টি কেন্দ্র তালিকাভুক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম জানান, ভোটকেন্দ্রগুলোকে গুরুত্ব অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও মোবাইল টিম মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন সশস্ত্র সেকশন কমান্ডারের নেতৃত্বে চারজন সশস্ত্র পুলিশ সদস্য ও একজন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন থাকবে।

ভিডিও