,

 

‘১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না’— বিতর্কের মুখে বিএনপি প্রার্থী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 7 February 2026, 05:43

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের সম্প্রতি প্রকাশিত বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি চাতুরী চৌমুহনী বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় দুই হাত জোড় করে অনুরোধ জানিয়ে বলেন, ‘এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’

বিএনপি প্রার্থীর এমন বক্তব্যে অনেকেই মনে করছেন, তিনি ১২ ফেব্রুয়ারির পর চাঁদাবাজি করা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন; যা স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা বলেন, ‘এই ধরনের বক্তব্যে সঠিক বার্তা পৌঁছায় না। মানুষ ভাবতে পারে, চাঁদাবাজি ১২ তারিখের পর বৈধ।’ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী এলাকায় এমন বিতর্কিত মন্তব্য ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এমন বক্তব্য দেন। এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, এই চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল।

সরওয়ার জামাল নিজাম আরও বলেন, ‘এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যাঁরা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’ বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভিডিও