রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সড়ক সংস্কারের নামে রাতের আঁধারে মাটি বিক্রি, নীরব প্রশাসন

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক সংস্কারের নামে প্রধান সড়কের মাটি রাতের আঁধারে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট ও গুনাগরী এলাকায় এ অনিয়ম চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে গুনাগরী এলাকার মো. ইউনুস কোম্পানির বসতঘরের সামনে বিপুল পরিমাণ মাটির স্তুপ দেখা যায়। এ বিষয়ে ইউনুস কোম্পানির কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি প্রতি গাড়ি এক হাজার টাকা করে মাটি ক্রয় করেছেন। প্রথমে তিনি ড্রাইভারের পরিচয় নিয়ে অস্পষ্ট বক্তব্য দিলেও পরে ফোন করে আরফাত নামে এক ড্রাইভারের কাছ থেকে মাটি কেনা হয়েছে বলে জানান।

স্থানীয়দের অভিযোগ, প্রধান সড়কের দু’পাশে সংস্কার কাজ চললেও খনন করা মাটি সড়কের পাশ ভরাটে ব্যবহার না করে গভীর রাতে ডেম্পার (ট্রাক) যোগে বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। প্রতি গাড়ি মাটি এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি করে একটি প্রভাবশালী মহল মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে দাবি করেন তারা। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এ বিষয়ে সড়ক সংস্কার কাজে দায়িত্বপ্রাপ্ত কেরানি আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনার মাটি লাগলে নিজাম ভাই ও মারুফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, মাটি তারা দেখভাল করে।’ তবে ওই ব্যক্তিরা কারা— জানতে চাইলে তিনি অস্পষ্ট আচরণ করে মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করার পরামর্শ দেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ), দোহাজারীর সঙ্গে যোগাযোগ করলে মো. নোমান নামে এক কর্মকর্তা বলেন, ‘সড়কের মাটি বিক্রি করার কোনো সুযোগ নেই।’ বিষয়টি ঠিকাদারের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

ভিডিও