আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সুবিধা বাড়াতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এই অ্যাপের মাধ্যমে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
অ্যাপটির মাধ্যমে ভোটাররা ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব ও দিকনির্দেশনা সহজেই জানতে পারবেন। এছাড়াও অ্যাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনী ফলাফলসহ বিভিন্ন নির্বাচন-সংশ্লিষ্ট তথ্যও পাওয়া যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই অ্যাপ চালুর মূল উদ্দেশ্য হলো ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় আরও সক্রিয় ও সচেতন করে তোলা। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটার কিংবা যাদের ভোটকেন্দ্র সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তাদের জন্য এটি বেশি সহায়ক হবে।
ইসি মনে করছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্বাচনকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।