চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় তাহমিনা আক্তার (১৯) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনোয়ারা–বাঁশখালী সংযোগ আঞ্চলিক সড়কের সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফজল আহমদের মেয়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে তাহমিনা তার ভাইয়ের মোটরসাইকেলে করে দক্ষিণ সাধনপুরের পুরাতন বাড়ি থেকে লটমনি এলাকায় নতুন বাড়ি যাচ্ছিলেন। সাহেবের হাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি এস আলম বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাহমিনা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বাঁশখালী থানার রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।