চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের পক্ষে টাকা বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনীতি পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
তবে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা জানিয়েছেন, এই টাকা দোহাজারী শাহী জামে মসজিদের উন্নয়নের জন্য দান করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়-দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী জসিম উদ্দিন আহমেদের পক্ষ থেকে একটি মসজিদ কমিটির কাছে ৫ লাখ টাকা হস্তান্তর করছেন। এ সময় একজনকে বলতে শোনা যায়-জসিম উদ্দিন আহমেদ মসজিদটিতে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছিলেন। সেই টাকা দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন মারফতে হস্তান্তর করা হচ্ছে।’
এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বক্তব্য, বিএনপি প্রার্থী জসিমের পক্ষে ৫ লাখ টাকা বিতরণের ভিডিও ভাইরাল করে ফেসবুকে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী একটি গ্রুপ। তিনি মসজিদের উন্নয়নের জন্য এটি অনুদান দিয়েছেন। এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই।
এ বিষয়ে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. জাহেদুল ইসলাম মিঞার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।