রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পিঠা উৎসবে গিয়ে ‘হেনস্তার শিকার’ পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৬

ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজধানীর শান্তিনগরে সড়কে বসে প্রতিবাদ করেছেন ঢাকা-৮ আসনে দশ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে ওই ঘটনা ঘটে।

পাটওয়ারী ছিলেন ওই উৎসবের আমন্ত্রিত অতিথি। তিনি সেখানে পৌঁছালে কিছু তরুণ তাকে উদ্দেশ করে স্লোগান দেয়। এরপর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় পাটওয়ারীর ওপর শারীরিক আক্রমণেরও অভিযোগ পাওয়া যাচ্ছে।

ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ফকিরাপুল মোড়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নেতাকর্মী অনুসারীদের নিয়ে তিনি পারাবত হোটেলের সামনে অবস্থান নেন।

পাটওয়ারীর ব্যক্তিগত মিডিয়া সহকারী শামিল আব্দুল্লাহ বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা হামলা করে।’

এ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসেরও পিঠা উৎসবে উপস্থিত থাকার কথা ছিল। বেলা ১টা পর্যন্ত তিনি মালিবাগের আবু যর গিফারী কলেজ এলাকায় অবস্থান করছিলেন।

পাটওয়ারীর প্রচার সেল থেকে বলা হয়েছে, তার ওপর হামলার প্রতিবাদে দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন হবে।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে দলের একজন নেতার ভাষ্য।

ভিডিও