রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পলোগ্রাউন্ড

চট্টগ্রামবাসীকে ‘প্ল্যান’ শোনাবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৪

যুক্তরাজ্যে প্রায় দেড় দশকের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেদিন দেশের মাটিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন— ‘আই হ্যাভ আ প্ল্যান’। দেশে ফেরার ঠিক এক মাস পর আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দিচ্ছেন তিনি। চট্টগ্রামের বিএনপি নেতারা আশা করছেন, দলের প্রধান আজ চট্টগ্রামবাসীর সামনে তার সেই ‘প্ল্যান’ তুলে ধরবেন।

দলীয় নেতাকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনি সমাবেশকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে ব্যানার, ফেস্টুন ও রঙিন পোশাক পরে মিছিল নিয়ে লোকজন সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন। জনসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সকাল সাড়ে ১০টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তারেক রহমান পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হয়ে সমাবেশে বক্তব্য দেবেন।

২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে জনসভায় অংশ নিতে যাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় মাঠ পলোগ্রাউন্ডে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

ভিডিও