দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। সেই সময় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে প্রচারণা সভায় অংশ নেন তিনি।
এবারের সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি ঘটাতে চায় বিএনপি। এ লক্ষ্যে পলোগ্রাউন্ড মাঠে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। সফরকালে তারেক রহমান পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। পাশাপাশি প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছে রাত্রিযাপন করবেন। রোববার সকালে সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি নগরের একটি হোটেলে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ শেষে সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা বৈঠক করেছেন। বৈঠকে পুলিশ কমিশনার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম ও বিএনপির সম্পর্ক গৌরব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসে আবদ্ধ। বীর চট্টলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ চট্টগ্রামে আসছেন তারেক রহমান। পলোগ্রাউন্ডের মহাসমাবেশ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রামের প্রতিটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের নেতৃত্বে জনস্রোত সৃষ্টি হবে। এতে স্পষ্ট হবে- চট্টগ্রাম বিএনপির শক্ত ঘাঁটি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন।