চট্টগ্রামের-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশনের ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। তিনি চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন তিনি।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ আরও দু’টি কর্মসূচি ছিল। এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এম এ হাসেম চন্দনাইশে ফিরছিলেন। রাত ১১টার দিকে তাদের বহনকৃত মাইক্রোবাসটি ভাঙা সেতু এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে গাড়িতে হামলা হয়। এ সময় গাড়ি লক্ষ্য করে গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা-কর্মীরা।
এ বিষয়ে এম এ হাসেম গণমাধ্যমকে বলেন, স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীরা এ হামলা করেছে। এ সময় গাড়ির ভাঙা কাচে আমি আঘাত পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতের জোটসঙ্গী এলডিপির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক বলেন, এ ঘটনায় তাদের কেউ জড়িত নয়। রাতে কোথায় এ ঘটনা কোথায় হয়েছে, কিছুই তাঁরা জানেন না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক জানান, এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে মৌখিক অভিযোগ পেয়েছি। এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।