চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শওকত আলীর হাতে অবৈধ অস্ত্রসহ একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব ছবি ও তার চলাফেরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগ, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি নজরে আসার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযান চলাকালে তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র উদ্ধার করা না গেলেও তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, যৌথ অভিযানে শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।