রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজারে আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ০২:৩০

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে তারেক রহমান পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন—এটি জেলা বিএনপি পরিবারের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

এর আগে, তারেক রহমানের ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়া সফর এবং ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ভিডিও