চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শাহেদ (১৭) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজরীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত স্কুলছাত্রের নামের মোহাম্মদ শাহেদ ইসলাম। সে একই ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎ পাড়ার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে। শাহেদ পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ির কাছেই প্রতিবেশীরা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় জানান।
রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ আরমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।