বুধবার, ১৭ জুন ২০২৬

বিবিসি বাংলাকে তারেক রহমান

‘দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— ‘দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব।’

তিনি বলেন, ‘কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।’ নির্বাচনের আগে দেশে আসার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং দল এমন প্রার্থী মনোনয়ন দেবে, যাদের জনসমর্থন আছে, যারা এলাকার মানুষের সাথে সম্পৃক্ত। তিনি যোগ করেন, ‘আমরা শুধু দলীয় সমর্থন নয়, বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন যার প্রতি আছে, তাকেই অগ্রাধিকার দেব।’

জুলাই-আগস্ট অভ্যুত্থান প্রসঙ্গে তিনি নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে স্বীকার না করে বলেন, ‘এ আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, শারীরিক সক্ষমতা থাকলে তিনি নির্বাচনে ভূমিকা রাখবেন।

তিনি সরাসরি জানান, নির্বাচনে অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী কে হবেন, তা নির্ভর করবে জনগণ ও দলের সিদ্ধান্তের ওপর।

দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিএনপি কাজ দিয়ে প্রমাণ করতে চায় যে ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হবে।

তারেক রহমান জানান, পাঁচ আগস্টের পর দলের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই করে ৭ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিডিও