,

 

সাঁতার কাটতে গিয়ে চুয়েটের পুকুরে তলিয়ে গেলেন ওরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 12 August 2026, 05:32

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মাঠে ফুটবল ম্যাচ ছিল তাদের। ম্যাচ শেষে গোসলের জন্য কেউ কেউ ফিরে গিয়েছিলেন নিজেদের হলে। অর্ণব দত্ত (২২) ও শান্ত দেবের (২৩) শখ হল কাজী নজরুল ইসলাম হলের পুকুরে নেমে গোসল করবেন।

আর এই শখই দুই বন্ধুর জীবনে কাল হল। পুকুরে নেমে দুই বন্ধু সাঁতার কাটতে কাটতে চলে যান মাঝখানে। একদিকে পরিশ্রান্ত শরীর তারওপর সাঁতারের ধকল। পুকুরের মাঝখানে এসে তারা ক্লান্ত হয়ে পড়েন। পাড়ে ফেরার আর শক্তি নেই তাদের। অতঃপর তলিয়ে যান পানিতে। সহপাঠীদের আপ্রাণ চেষ্টার পর তাদেরকে যখন উদ্ধার করা হয় তখন সবকিছুই শেষ।

পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ডুবে যাওয়া দুজনের মধ্যে অর্ণবকে ৮-১০ মিনিট পর উদ্ধার করা হয়। শান্তকে ৪০-৫০ মিনিট পর উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর নিহতের পরিবারকে জানানো হয়েছে। তাদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিহত শান্ত দেব তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী। অপরদিকে অর্ণব দত্ত কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের শিক্ষার্থী। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের দুজনের বাড়িই সিলেটে বলে জানা গেছে।

দুই শিক্ষার্থীর আকষ্মিক মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও