কক্সবাজারে অপহরণের এক মাস পর শফিকুল ইসলাম (১৩) ও শহিদুল ইসলাম (১১) নামে দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন দুই ভাই।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই শিশু উখিয়া উপজেলার থাইংখালী এলাকার বাসিন্দা এবং স্থানীয় থাইংখালী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
দীর্ঘ এক মাস পর সন্তানদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা।
তাদের বাবা শাহ আলম আবেগাপ্লুত হয়ে বলেন, ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব। অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়ার বালুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজাদ জানান, গত ১০ জুলাই সকালে থাইংখালী দাখিল মাদ্রাসার সামনে থেকে দুই ভাই নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে প্রথমে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে এ ঘটনায় অপহরণ মামলা করা হয়।
পুলিশ জানায়, অপহরণকারীরা গ্রেপ্তার এড়াতে উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন এলাকায় বারবার অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশু দুটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা আবারও পালিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বতারা/ইউডি/টিএ