কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন একটি মাঠ থেকে আবদুল আজিজ (২৭) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আজিজের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে আজিজকে হত্যা করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ইনানী সৈকতের পূর্ব পাশের পাঁচতারকা হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের পাশের খালি জায়গা থেকে পুলিশ আজিজের মরদেহ উদ্ধার করে। তিনি ওই হোটেলের গরুর খামারের পরিচর্যার দায়িত্বে ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আবদুল আজিজ উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, গতকাল রাত সোয়া ১২টার দিকে হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় আবদুল আজিজের মরদেহ পড়ে ছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। কিন্তু কী কারণে এই ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর জানা যাবে মূল রহস্য।
পূর্বতারা/ইউডি