,

 

চট্টগ্রামে বিএনপি-এনসিপির উত্তেজনা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 July 2026, 09:02

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এতে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুপক্ষ অবস্থান নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। কর্মসূচিকে কেন্দ্র করে জামালখান প্রেসক্লাব এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচি পালন করছিলেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। এর প্রতিবাদ ও প্রতিরোধ করতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পুলিশ তাদের মাঝে অবস্থান নিয়েছে।

ভিডিও