,

 

মামলা করায় এবার ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আতঙ্কে ব্যবসায়ীর পরিবার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 27 July 2026, 07:47

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগের পর এবার মামলা করায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও পুনরায় হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। ভয়ে নির্মাণশ্রমিকরাও কাজে না ফেরায় ভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে।

গতকাল রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকার চাল ও চিনির পাইকারি ব্যবসায়ী। সম্প্রতি তিনি ওই এলাকায় ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন। হামলার ঘটনায় রোববার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ককটেল বিস্ফোরণের পর রাতে সন্ত্রাসীরা ফোন করে নির্মাণকাজ বন্ধ রাখার হুমকি দেয়। এর আগে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়।

তিনি আরও বলেন, মামলা করার পর সন্ত্রাসীরা আবার ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে পুনরায় হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ভিডিও