চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক যুবকের শরীরের সংবেদনশীল স্থানে জোঁক প্রবেশের বিরল ঘটনায় অস্ত্রোপচার ছাড়াই সফলভাবে অপসারণ করেছেন সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এমদাদুল হাসান। একই সঙ্গে চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় ও অর্থসংকটে থাকা রোগীদের বিনামূল্যে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এ চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত যুবক নয়ন বিশ্বাস স্থানীয় প্রদীপ বিশ্বাসের ছেলে। দুপুরে বিলে মাছ ধরতে পানিতে নামার সময় অসাবধানতাবশত একটি জোঁক তার পায়ুপথে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই তিনি তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সার্জারি বিশেষজ্ঞ ডা. এমদাদুল হাসান প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে অস্ত্রোপচার ছাড়াই জোঁকটি সফলভাবে অপসারণ করেন। বর্তমানে রোগী শঙ্কামুক্ত রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ডা. এমদাদুল হাসান বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে সময়মতো হাসপাতালে আসায় রোগীকে নিরাপদভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। পানিতে থাকা জোঁক শরীরের সংবেদনশীল স্থানে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তিনি আরও বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে অর্থের অভাবে কোনো অসহায় রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। কোনো রোগী আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা বা অপারেশন করাতে না পারলে মানবিক দৃষ্টিকোণ থেকে সাধ্যমতো বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হবে।