,

 

চট্টগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ছুরিকাঘাতের শিকার শিশু, আটক ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 4 July 2026, 04:09

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামতলা বস্তি এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের বিরোধের জেরে ছুরিকাঘাতের শিকার হয়েছে চার বছর বয়সী এক শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মোহাম্মদ দিয়ান। তার বাড়ি নগরের এনায়েত বাজার এলাকায়।

শিশুটির মামা আজহারুল হক জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী নুরুন্নবীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুন্নবী ছুরি নিয়ে তাকে আক্রমণ করতে এলে তিনি সরে যান। এ সময় নানাবাড়িতে বেড়াতে আসা তার চার বছর বয়সী ভাগনে দিয়ান ছুরিকাঘাতের শিকার হয়। এতে শিশুটির পেট গুরুতরভাবে জখম হয়।

তিনি জানান, আহত শিশুটিকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভিডিও