রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, রেলওয়ে স্কুলের দুই কর্মচারী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:৫৮

চট্টগ্রামের কোতোয়ালী থানার রেলওয়ে পাবলিক হাই স্কুল মাঠে চুরির অভিযোগে জয়নাল (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রেলওয়ে পাবলিক হাই স্কুলের দুই জন নিরাপত্তা প্রহরীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহের সুরতহাল শেষে চমেক হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে পাবলিক হাই স্কুল মাঠে চুরির সন্দেহে এক যুবককে আটক করা হয়। স্কুলের নিরাপত্তা কর্মীরা ওই যুবককে গণপিটুনি দেন। মারধরের একপর্যায়ে যুবকটির মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবককে নির্মমভাবে পেটানো হয়েছে এবং এমনকি তাকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়। এতে যুবকটি মারা যায়।

মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে নিহত যুবকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের অভিযোগ, চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের ডিউটি অফিসার জানান, পুলিশের পক্ষ থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। তবে সেখানে স্থানীয় জনতা বাধা দেয়। পরবর্তীতে উত্তেজনার সৃষ্টি হলে উর্ধতন অফিসাররা যান। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

ঘটনাস্থলে আসা নিহত জয়নালের মা ছেনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে দোষ করলে তার বিচার হতো। এভাবে মেরে ফেলতে পারে না। ছেনোয়ারার অভিযোগ তার ছেলেকে মারধরের এক পর্যায়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার বিচার চান তিনি।’

জানতে চাইলে ঘটনাস্থলে আসা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, স্কুলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক যুবক। পরে তাঁকে মারধর করা হয়। পুলিশ লাশ উদ্ধার করতে গেলে তাঁর স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন। পরে তাঁদের বুঝিয়ে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জড়িত থাকার সন্দেহে স্কুলের দুই প্রহরী আজাদ ও সমীরকে আটক করে থানায় আনা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও