রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উচ্চবিদ্যালয়ে দায়িত্বপালনরত অবস্থায় মারা গেলেন প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা। মঙ্গলবার (১৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষকের এমন আকষ্মিক মৃত্যুতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের নিউলাল্যঘোনা গ্রামের বাসিন্দা ও তেজেন্দ্র বিকাশ কারবারির ছেলে। চিকিৎসকদের ধারণা স্ট্রোকের কারণে মারা গেছেন তিনি।
উগলছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিরো কুমার চাকমা বলেন, ‘সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের অফিস কক্ষে হাজিরা খাতায় সই করতে যাই। এ সময় দেখতে পাই, হেড স্যার মাটিতে পড়ে আছেন। আমি সবাইকে ডেকে আনি সঙ্গে সঙ্গে। এরপর শিক্ষকেরা মিলে তাঁকে একটি টমটমে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’ প্রধান শিক্ষকের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নিউলাল্যঘোনায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৯টায় প্রশান্ত চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেই মারা যান তিনি। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
পূর্বতারা/ইউডি/এম ইউ বি