চট্টগ্রামের পটিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০)। মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পংকজ শীল কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী মৃত দূর্গাপদ চক্রবর্তীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ৮ থেকে ৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল চক্রশালা এলাকায় প্রবেশ করে। এ সময় পংকজ শীল ও তিলক চক্রবর্তী ডাকাত দলের সামনে পড়ে যান। একপর্যায়ে ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে পংকজ শীল মারা যান। আহত তিলক চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, রাতে সংঘবদ্ধ ডাকাতদল এলাকায় প্রবেশ করলে গ্রামের দুই ব্যক্তি তাদের সামনে পড়ে যান। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে একজন নিহত ও আরেকজন আহত হন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।