বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্বকাপের উন্মাদনায় চট্টগ্রামে জমজমাট জার্সির বাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ জুন ২০২৬, ০৭:৫৪

আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। মাঠের লড়াই শুরুর আগেই চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উন্মাদনা। নগরের অলিগলি থেকে শুরু করে শপিং মার্কেট—সবখানেই এখন ফুটবল আর প্রিয় দলের আলোচনা। এর প্রভাব পড়েছে জার্সির বাজারেও। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি, আর খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।

সোমবার (৮ জুন) নগরের নিউমার্কেট এলাকার গাজি টাওয়ারের নিচতলায় অবস্থিত মোহছেন আউলিয়া খেলাঘরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানজুড়ে ঝুলছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দেশের জার্সি। অনেকেই প্রিয় দলের পাশাপাশি প্রিয় তারকার নাম ও নম্বর লেখা জার্সি কিনছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। তার ভাষায়, সর্বকালের সেরা ফুটবলার মেসি। তার খেলা দেখতে পারছি, এটাই আমাদের সৌভাগ্য। তিনি আর্জেন্টিনার একটি জার্সি ৫০০ টাকায় এবং মেসির জার্সি ১ হাজার ৪০০ টাকায় কিনেছেন।

দোকানটির কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি, এরপর ব্রাজিলের। শিশু থেকে বয়স্ক—সব বয়সী ক্রেতাই জার্সি কিনছেন। বিশেষ করে মেসির নাম ও ১০ নম্বর লেখা জার্সির চাহিদা সবচেয়ে বেশি।

শুধু নিউমার্কেট নয়, হকার্স মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, স্টেডিয়াম এলাকা ও অ্যাপোলো শপিং কমপ্লেক্সেও একই চিত্র দেখা গেছে। দোকানগুলোতে ২৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার বেশি দামের জার্সি বিক্রি হচ্ছে।

কাজীর দেউড়ির স্টেডিয়ামপাড়ার ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতেও বেড়েছে ক্রেতার ভিড়। ইসমা স্পোর্টসের কর্ণধার মো. শওকত আলী বলেন, ফুটবল বিশ্বকাপটাই আমাদের জন্য ঈদের মতো। এ সময় বিক্রি সাধারণ সময়ের তুলনায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যায়।

বিক্রেতারা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স ও স্পেনের জার্সির চাহিদাও বেড়েছে। তরুণদের অনেকেই এখন এমবাপ্পে, রোনালদো ও নতুন প্রজন্মের তারকাদের নাম লেখা জার্সি খুঁজছেন।

অ্যাপোলো শপিং সেন্টারে ফ্রান্সের জার্সি কিনতে আসা কলেজছাত্র ইশমাম উদ্দিন মনে করেন, এবারের বিশ্বকাপে ফ্রান্স শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে তার বন্ধু শাখাওয়াত হোসেনের বিশ্বাস, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে ব্রাজিল।

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তবে তার আগেই চট্টগ্রামের ফুটবলপ্রেমীদের উন্মাদনা এবং জার্সির বাজারের প্রাণচাঞ্চল্য স্পষ্ট করে দিচ্ছে। বিশ্বকাপ জ্বর ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।

ভিডিও