বুধবার, ১৭ জুন ২০২৬

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদ করায় চট্টগ্রামে এনসিপি-অ্যাম্বুলেন্স চালকদের ধস্তাধস্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ জুন ২০২৬, ০৭:০১

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতাকর্মীদের সাথে অ্যাম্বুলেন্সের চালকদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। 

আজ রোববার দুপুরে চমেক হাসপাতাল এলাকায় উভয়পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে চকবাজার থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্সে ভাড়া নৈরাজ্য ও যাত্র্রী হয়রানির বিষয়ে এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে এনসিপির নেতাকর্মীরা অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতাদের কাছে জানতে যান । এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত এক যাত্রীর অভিযোগ, আমি সোনাইমুড়ি যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে ওরা ১২ হাজার টাকা দাবি করে। অথচ নির্ধারিত ভাড়া সাড়ে ৪ হাজার টাকা। আবার তারা বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে গেলেও বাধা দিচ্ছে। উপায়ন্তর না দেখে আমাকে সমিতির কাছ থেকেই অ্যাম্বুলেন্স ভাড়া নিতে হয়। আমি ৫০০ টাকা অগ্রিমও দিয়েছি।

ঘটনা পরবর্তী অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেট তৈরি করে যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি এখানের নিত্য সমস্যা। এ সমস্যা নিয়ে আমরা চমেক পরিচালকের সাথেও কথা বলেছি। তারা আমাদের সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করেছেন। হামলায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসগর আলী আসিফ ও সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত ভাইয়ের ওপর হামলা করেছে। পুলিশের সামনেই এ হামলা হয়েছে। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাথে বিএনপির নেতাকর্মীদের যোগসাজশ আছে। তাদের প্রত্যক্ষ মদদে এরা নৈরাজ্য চালাচ্ছে।

ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি মো. ইউসুফ বলেন, তালিকার বাইরে এখানে বেশি ভাড়া আদায় করা হয় না। অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকা সমিতির জন্য খরচ করা হয়। ১০ মাস আগে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এখন সব খরচ বেড়েছে। ফলে আমাদেরকে বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও