চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত বাংলাবাজার এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণি পড়ুয়া শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আল-আমিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি স্থানীয় মারকাজুল নুর আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মাইটভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছানা উল্লার পুত্র ।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসাটি ১২ দিনের জন্য বন্ধ ছিল। ছুটি শেষে গত ৬ জুন ভিকটিম মেহেদী হাসান রিহানকে (১১) মাদ্রাসায় যেতে তার মা তাগিদ দিলে সে অনীহা প্রকাশ করে। পরে কারণ জানতে চাইলে শিশুটি জানায়, চলতি বছর গত ৮ মে আছরের নামাজের পর অভিযুক্ত শিক্ষক তাকে মাদ্রাসার অফিস কক্ষ সংলগ্ন নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন।
শিশুটির অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও বিভিন্ন সময়ে তাকে একাধিকবার নির্যাতন করেছেন। লোকলজ্জার ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি।
ঘটনার কথা জানতে পেরে ভিকটিমের মা স্থানীয় লোকজনকে অবহিত করেন এবং পরে ছেলেকে নিয়ে সন্দ্বীপ থানায় গিয়ে মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
পূর্বতার/ইউডি/এমআরইউ