শনিবার, ১৩ জুন ২০২৬

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১১:৫২

ছয় দফা দাবি আদায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের চলমান আন্দোলন এখন কর্মবিরতিতে রূপ নিয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তারা। একই সাথে ক্লাস বর্জনের ঘোষণাও দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরুর কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে । বর্তমানে হাম প্রকোপে ব্যতিব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। তারওপর জরুরি সেবাসহ বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ রয়েছে। এমন অবস্থায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি হাসপাতালের সেবা কার্যক্রমে প্রভাব পড়ছে।

তবে কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার বিষয়টি মানছেন না চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন। তিনি বলেন,ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না। রোগীদের চাপ সামলাতে আমাদের পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক দায়িত্ব পালন করছেন।

ইন্টার্ন চিকিৎসকদের সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছে চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, আমরা রোগীদের স্বার্থ বিবেচনা করে কর্মবিরতি পিছিয়েছিলাম। প্রশাসনকে শুরুতে ৪৮ ঘণ্টা ও পরে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে কর্মবিরতি পালন করতে হচ্ছে। ছয়টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

পূর্বতারা/ইউডি

ভিডিও