বুধবার, ১৭ জুন ২০২৬

বাঁশখালীতে সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভাড়া নৈরাজ্য ও যানজটে দুর্ভোগে যাত্রীরা

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ০৭:১৯

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের একটি সিন্ডিকেট চক্রের কারণে ভাড়া নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। এর সঙ্গে তীব্র যানজট যোগ হয়ে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

যাত্রীদের অভিযোগ, আনোয়ারা-বাঁশখালী ও পেকুয়া-চকরিয়া সংযোগ (পিএবি) সড়কে সপ্তাহের শেষ দুই দিনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। উপজেলা সদর থেকে গুনাগরীর নির্ধারিত ভাড়া ২০ টাকা, চাঁদপুর বাজার ৪০ টাকা, চাতুরী চৌমুহনী ৬০ টাকা, মইজ্জারটেক ৮০ টাকা এবং নতুন ব্রিজ ১০০ টাকা হলেও বৃহস্পতিবার ও শুক্রবার এসব রুটে দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হয়।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত চাম্বল বাজার, জলদী ও গুনাগরী স্টেশন এলাকায় সরেজমিনে দেখা যায়, চাম্বল বাজার থেকে চাতুরী চৌমুহনী পর্যন্ত জনপ্রতি ২৩০ থেকে ২৫০ টাকা, মইজ্জারটেক ও নতুন ব্রিজ পর্যন্ত ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া দাবি করছেন চালকরা। একইভাবে গুনাগরী থেকে চাতুরী চৌমুহনী ১০০ থেকে ১২০ টাকা, মইজ্জারটেক ১৭০ থেকে ১৮০ টাকা এবং নতুন ব্রিজ পর্যন্ত ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্টেশনের লাইনম্যানরা ‘ওয়াবিল’ নামে সড়কের ওপর সিএনজি থামিয়ে গাড়িপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করছেন। এতে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে চালকরা অতিরিক্ত ভাড়া আদায়ের অজুহাত পাচ্ছেন। অনেক ক্ষেত্রে রশিদ ছাড়াই এসব টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক সময় চালকরা যাত্রী তুলতে চান না। প্রতিবাদ করলে সিন্ডিকেটের সদস্যদের হাতে হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঈদের আগে ও পরে গুনাগরীসহ বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় কয়েকটি সিএনজির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টি এবং যাত্রী হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যানজট নিরসন ও ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও