আধিপত্য বিস্তার এবং সরকারি জমি দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের খুলশীতে স্থানীয় দুটি পক্ষের মধ্যে পাল্টাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত ১১টার দিকে ফয়’স লেক ও লেকভ্যালি আবাসিক এলাকার আশপাশে প্রায় দুই ঘণ্টা ধরে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেকভ্যালি আবাসিক এলাকায় সরকারি একটি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, কারা এ ঘটনার নেতৃত্ব দিয়েছে এবং কারা মূল ভূমিকা পালন করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।