বুধবার, ১৭ জুন ২০২৬

আগ্রাবাদে নিষিদ্ধ যুবলীগের কাফন মিছিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ জুন ২০২৬, ০৪:৪৪

দিন যতই যাচ্ছে রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের তৎপরতা ততই বেড়ে চলেছে। চোরা গোপ্তা মিছিল, রাজনৈতিক কর্মসূচি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। কর্মসূচির রকমেও আনা হচ্ছে নানা পরিবর্তন। কেউ সাংগঠনিক ব্যানার নিয়ে, কেউ রেস্টুরেন্ট বা হল ভাড়া করে, হামে শিশুমৃত্যু, ধর্ষণ ঘটনাকে প্রতিবাদের উপজীব্য করে রাস্তায় নামতে শুরু করেছে।

আবার কেউ বা মৃত্যু পরোয়ানা নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করছে।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা। তাঁদের হাতে ব্যানারে হামে শিশুমৃত্যু,শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল।

এদিকে, আগ্রাবাদে অনুষ্ঠিত নিষিদ্ধ যুবলীগের এ মিছিলের ভিডিও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, দেশব্যাপী হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণ এর সাথে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা মো: গোলাম সামদানী জনির উদ্যোগে আগ্রাবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

তবে একই সময়ে চট্টগ্রাম নগরীর আরও কয়েকটি ওয়ার্ড এলাকায় নিষিদ্ধ যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে বলে জানা যায়। শুক্রবার চান্দগাঁও ওয়ার্ড এলাকায় চান্দগাঁও ওয়ার্ড ও শুলকবহর ওয়ার্ডে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেছেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও