বুধবার, ১৭ জুন ২০২৬

৬ লাখ টাকা খরচেও বাঁচাতে পারেননি হামে আক্রান্ত দুই সন্তানকে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ জুন ২০২৬, ১০:১১

চট্টগ্রামের মিরসরাইয়ে হামের জটিলতায় আক্রান্ত হয়ে এক বছর বয়সী যমজ দুই সন্তানের ১২ দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ঘুরে প্রায় ৬ লাখ টাকা খরচ করেও সন্তানদের বাঁচাতে পারেননি এক বাবা।

নিহত দুই শিশু আবদুল্লাহ আল ফাহিম ও আবদুল্লাহ আল নোমান। তারা মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া তাকিয়াপাড়া এলাকার হারুনুর রশিদ ও ইসরাত জাহান দম্পতির সন্তান। নিহত দুই শিশুর বয়স ছিল ১৩ মাস।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ মার্চ ফাহিমের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মার্চ তার হাম শনাক্ত হয়। ফাহিম কিছুটা সুস্থ হলে ২৫ মার্চ তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর কয়েক দিনের মধ্যে আবার তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে এপ্রিলের মাঝামাঝি সময়ে নোমানেরও হামের উপসর্গ দেখা দেয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর তারও হাম শনাক্ত হয়। গত ২২ মে চিকিৎসাধীন অবস্থায় নোমানের মৃত্যু হয়। এরপর ফাহিমকে ঢাকায় স্থানান্তর করা হলেও গত মঙ্গলবার নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা হারুনুর রশিদ ও মা ইসরাত জাহান। বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের ভিড়। নিজের দুই সন্তানের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন হারুনুর রশিদ।

তিনি বলেন, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। চার বোনের পর আমি পরিবারের একমাত্র ছেলে। বাজারে ছোট একটা মুদি দোকান করে কোনোমতে সংসার চালাই। ছেলেদের চিকিৎসার জন্য গত তিন মাস দোকান খুলতে পারিনি। ধারদেনা করে প্রায় ছয় লাখ টাকা খরচ করেছি। হাসপাতালে না খেয়ে থেকেছি আমরা। টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম, কোনো আফসোস থাকত না। এখন আমাকে দেনার মধ্যে ফেলে দুই বুকের ধন চলে গেছে।

ভিডিও