চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) হাটহাজারী থানায় মো. আরিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর তালুকদার পারভেজ আনছারীর নেতৃত্বে গত ৩ জুন ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা করেন। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামিদের নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পেয়ে তিনি ও তার সাংগঠনিক লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এসময় আসামিরা পুলিশ ও সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করার কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী উল্লেখ করেন।