তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। গত দুই সপ্তাহ ধরে এই তাপদাহ বিরাজমান দেশের বিভিন্ন জেলায়। দেশের ৪৯ জেলা জুড়ে বইছে তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহের কারণে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে।
চট্টগ্রাম নগরীতে শ্রেণিপেশাজীবীদের কর্মব্যস্ততায় চলমান তাপপ্রবাহ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রিকশাচালক, ভ্যানগাড়িচালকসহ পায়ে হাঁটা পেশাজীবীরা গরমের কারণে হাঁপিয়ে উঠছেন। অনেককেই রাস্তার পাশে বিক্রি করা নানা ধরণের অস্বাস্থ্যকর শরবত কিনে খেতে দেখা গেছে।
জামালখান সিঁড়ির গোড়া থেকে রিকশায় করে আন্দরকিল্লা আসছিলেন ব্যাংকার মো. জাহেদ উল্লাহ। তিনি বলেন, প্রায় সময় আমি হেঁটেই অফিসে চলে আসি। কিন্তু আজ রিকশায় করে এসেছি। প্রচন্ড গরমে হাঁটতে ইচ্ছা করছে না। সকাল ৯টা বাজে রোদের তীব্র তাপ।
লালদিঘী মোড়ের হকার মো. হাকিম জানান, কয়েকদিন ধরে বেশি গরম পড়তেছে। ঈদুল আযহার পর এখনো বেচাবিক্রি শুরু হয়নি। তবুও জিনিসপত্র নিয়ে বসেছি। বাড়িতে কি করব ? কিন্তু রোদের তাপ বেশি। এবছর বেশি গরম পড়তেছে।
চলমান তাপপ্রবাহের কারণে প্রকৃতি ও পশুপাখির জীবনযাত্রায়ও প্রভাব পড়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার পশুপাখিদেরকে প্রচন্ড খরতাপে হাঁসফাঁস করছে। বাঘ,ভাল্লুক, জেব্রা ও বিভিন্ন ধরণের পাখিগুলো খাঁচার ট্যাংকে গা ডুবিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, গরমে চিড়িয়াখানার প্রাণীরাও অস্থির হয়ে পড়েছে। প্রত্যেকটি খাঁচায় অতিরিক্ত পানির ব্যবস্থা করা হয়েছে। প্রাণীদের হিটস্ট্রোক থেকে রক্ষায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। এছাড়া পানিতে স্যালাইন, ইলেকট্রোলাইট ও ভিটামিন সি মিশিয়ে গোসল ও পান করার ব্যবস্থা করা হয়েছে।
প্রচন্ড গরমে নগরীর ডিসি হিল, সিআরবি পার্কের বেঞ্চিতে নিম্নজীবীদেরকে ক্লান্ত হয়ে ঘুমাতে দেখা গেছে। ডিসি হিল সংলগ্ন সড়কের পাশেও কয়েকজন রিকশাচালককে গদিতে মাথা রেখে ঘুমাতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি হলেও আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বতারা/ইউডি