চট্টগ্রামের আনোয়ারার তৃতীয় শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে রাউজান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আসামি হলেন মোহাম্মদ ফারুক (২৪)। তিনি আনোয়ারার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া এলাকার আজিজুল হকের ছেলে।
রোববার (৩১ মে) মধ্যরাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২ মে ওই শিশুর মা বাদি হয়ে আবু তাহের (৪২), রবিউল হোসেন ওর চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২) নামে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মামলার অন্যতম একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপর আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালতো বোনের বাসায় যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করে।
পূর্বতারা/ইউডি