শনিবার, ১৩ জুন ২০২৬

নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:৫৬

চট্টগ্রামের সন্দ্বীপে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তাহমিদ নামের এক শিশুর মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের স্বজনরা এই মৃত্যুকে সন্দেহজনক বলে দাবি করেছেন।

জানা যায়, সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজিরহাট এলাকার বাসিন্দা ও প্রবাসী ফাহাদ উদ্দিনের ছেলে তাহমিদ গত শনিবার (৩০মে) দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ চালিয়েও তার সন্ধান মেলেনি।

রবিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান তার এক স্বজন। পরে তাকে উদ্ধার করা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবাটিতে প্রায় ২ থেকে ৩ ফুট পানি ছিল। স্বজনদের দাবি, উদ্ধার করার পর শিশুটির পেটে পানি পাওয়া যায়নি, যা মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নিহতের জেঠাতো বোন ইয়াসমিন বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে তাহমিদের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

এলাকার ব্যবসায়ী হান্নান তারেক বলেন, “শিশুটি পানিতে ডুবে মারা গেছে, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খুঁজে বের করা প্রয়োজন। এ মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।”

খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে”।

পূর্বতারা/ইউডি/আরইউ

ভিডিও