শনিবার, ১৩ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে ইয়াসিনের সাফাই গাইলেন ওরা !

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:২১

জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিদর্শনে এলে সন্ত্রাসী ইয়াসিনের পক্ষ নিয়ে কিছু স্থানীয়কে সাফাই গাইতে দেখা গেছে। ছিন্নমূলের পরিচয়ে তারা উপস্থিত মন্ত্রী,প্রশাসন ও মিডিয়ার সামনে ইয়াসিনের পক্ষে নানামুখী প্রচারণায় মুখর ছিলেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে- সাফাই গাওয়া ছিন্নমূল পরিচয়ের এসব লোকজন কি তবে সন্ত্রাসী ইয়াসিনেরই মদদপুষ্ট ?

রোববার (৩১ মে) বেলা ১২টার সময় জঙ্গল সলিমপুর পরিদর্শন এলে আলীনগর স্কুলের সামনে স্থানীয়দের একটি দল অবস্থান নেয়।

এদের মধ্যে এক মহিলাকে বলতে শোনা যায়, আমরা ইয়াসিন মিয়ার আন্ডারে ছিলাম। দরজা খুলে থাকছি। কোনোদিন কেউ ঘরে ঢুকে নাই। আমার স্বামী বিদেশ থাকে। আমি ছোট ছোট বাচ্চা নিয়া থাকি। রাতের তিনটা বাজে চলাফেরা করলেও মহিলাদেরকে কেউ ডিস্টার্ব করে নাই। সেদিন র‌্যাব এসে আমার দেবরকে মারধর করছে। আমার ছেলে কোরাণে হাফেজ। তাকে পর্যন্ত মারছে। আমরা আগের মত শান্তিতে থাকতে চাই।

উপস্থিত আরেক মহিলা ক্ষোভের সাথে বলেন, এখানে অনেক নেতা আমাদের কাছে ট্যাক্স চাইছিল। কিন্তু আমাদের নেতা ইয়াসিন সাহেব বলছেন, আমার নাগরিকদের কোনো ট্যাক্স দেয়া যাবে না। এরা কোনো ট্যাক্স দেবে না। আমরা ইয়াসিন মিয়াকে চাই। সরকার এখানে র‌্যাব,সেনাবাহিনী,পুলিশ দিছে। আমাদেরকে নিরাপত্তার জন্য দেয় নাই। নির্যাতন করার জন্য দিছে। আমাদের ওপর হামলা করছে। ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড করে দিছে। আমাদেরকে বলতেছে চলে যাওয়ার জন্য । আমরা ইয়াসিন মিয়ার ছায়ায় বাস করি এখানে।

জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে আলীনগর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। প্রায় দেড়ঘণ্টা স্থায়ী এই বৈঠকে জঙ্গল সলিমপুর নিয়ে একটি রোডম্যাপ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

তবে বৈঠক শেষে গণমাধ্যমে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। যারা কোনো না কোনোভাবে এখানে বসবাস করতে বাধ্য হয়েছে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়; সে ব্যাপারে একটি পরিকল্পনা করা হচ্ছে। আপাতত তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা সরকারের নেই।

তিনি আরও বলেন, আমরা জনগণের সরকার। জনগণকে কমফোর্ট দেয়ার জন্য আমরা সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করব। কেউ যদি উচ্ছেদের কথা বলে ভীতি সৃষ্টি করতে চায়, তাহলে স্থানীয়দের প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ রইল।

প্রসঙ্গত, জঙ্গল সলিমপুরের আলীনগর স্কুলে স্থাপিত যৌথবাহিনীর ক্যাম্পটি স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক উদ্বোধনের কর্মসূচি নির্ধারিত হয়। আজ ৩১ মে ক্যাম্পটি উদ্বোধন করা হবে বলে গত ২৪ মে সিদ্ধান্ত হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের দিন রাতেই সন্ত্রাসীরা আলীনগর স্কুলের পিছনের দেয়াল ভেঙ্গে সেই ক্যাম্পটিতে হামলা চালায়। তারা দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে ক্যাম্পে থাকা আইনশৃঙ্খলা সদস্যদের উপর হামলা করে ক্যাম্পটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। এমনকি ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার খবর পেয়ে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দ্রুত ঘটনাস্থলে আসতে না পারে, সেজন্য এলাকায় প্রবেশের চারটি রাস্তাও স্কেভেটর দিয়ে কেটে দেয় তারা। ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার এ খবর দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

এমন পরিস্থিতির মধ্যেই পূর্ব নির্ধারিত তারিখে (৩১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করে গেছেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও