কক্সবাজারের চকরিয়ায় প্রেমিকের হাত ধরে ঘর ছাড়া তরুণীকে উদ্ধারে গিয়ে ভিকটিমকেই বেধড়ক পেটাল পুলিশ।
শনিবার (৩০ মে) বিকাল ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরকানুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার এক তরুণী চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার নুরুল আমিনের (২৪) সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে আসেন।
নুরুল আমিনের মা বলেন, মেয়ের মা ও বাবা শুক্রবার আমার বাড়িতে এসেছিল। উভয় পরিবারের সম্মতিতে দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত মেয়েপক্ষের কয়েকজনের পছন্দ না হওয়ায় তারা চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে চকরিয়া থানা পুলিশের একটি দল মেয়েটিকে উদ্ধার করতে যায়। কিন্তু তরুণীটি কোনোভাবেই পুলিশের সঙ্গে আসতে রাজি হননি।
এমন অবস্থায় চকরিয়া থানার ওসি মনিরের নির্দেশে এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে ফোর্স যায় ঘটনাস্থলে। প্রেমিক নুরুল আমিনের বাধার মুখে তারাও তরুণীটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। একপর্যায়ে নুরুল আমিনের উপর লাঠিপেঠা শুরু করে পুলিশ।
পুলিশের এই লাঠিপেটা থেকে প্রেমিককে বাঁচাতে প্রেমিকা চেষ্টা করেও ব্যর্থ হয়। পুলিশের পিটুনিতে স্থানীয় নুরু মাঝির ছেলে নুরুল আমিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এই সময় নুরুল আমিনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ধাওয়া দেয় এবং তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত নুরুল আমিনকে প্রথমে কক্সবাজার হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ জানান, একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়েছে এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ভিকটিম উদ্ধারের এই অভিযানে পুলিশের কোনো সদস্যের গাফিলতি বা দোষত্রুটি প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, একজন অপহৃত কিশোরীকে উদ্ধার করতে গিয়ে কিছুটা ঝামেলা হয়েছে। শক্তি প্রয়োগের অভিযোগে এসআই আরকানুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ওই কিশোরী এখন পুলিশ হেফাজতে আছে।
পূর্বতারা/ইউডি