চট্টগ্রামের ফটিকছড়িতে মৎস্য খামারের লেকের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুসহ ২ জনের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. মফিজ (৪৫) ও মোনতাহা (৪)।
৩০ মে (শনিবার) সন্ধ্যা ৬ টা নাগাদ উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু গ্রামের ঝড়ঝড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শনিবার বিকেলে ডলু এলাকার এমডিএস মৎস্য খামারে খামারের মালিক মো. মফিজ ও তাঁর বন্ধু নঈম উদ্দিন আজাদের ৩ কন্যা সন্তান নিয়ে বেড়াতে যায়। এক সময় তাঁরা মৎস্য খামেরের ডিঙ্গি নৌকায় চড়ে লেকে নামে। লেকে তাঁরা নৌকা নিয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায়।
এতে আজাদ তাঁর ২ সন্তানকে নিয়ে কুলে উঠতে পারলেও অন্য সন্তানকে বাঁচাতে আজাদের বন্ধু মফিজ পানিতে ঝাপ দিলে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মফিজকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে নঈম উদ্দিন আজাদের মেয়ে মোনতাহাকে স্থানীয়রা ২ ঘন্টা চেষ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করে।
মৎস্য খামারের মালিক নিহত মফিজ উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের হাবিলদার বাড়ির আবুল কাশেমের ছেলে।
নিহত মোনতাহা ফটিকছড়ি পৌরসভার ০৯ নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের মোমিন বাড়ির নঈম উদ্দিন আজাদের মেয়ে।
পূর্বতারা/ইউডি/এমডি জে