শনিবার, ১৩ জুন ২০২৬

কর্ণফুলীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অনেক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১১:২২

চট্টগ্রামের কর্ণফুলীর ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তারেক জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। রাত সাড়ে ৮টার দিকে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন।

যাত্রীদের অবস্থা বর্ণনা করে তারেক বলেন, সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই বাহনের যাত্রীরাই গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে লেগুনার যাত্রীদের অবস্থা বেশি আশঙ্কাজনক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জানান, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিডিও