শনিবার, ১৩ জুন ২০২৬

জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত সকাল ৭টায়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:৩২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ মে) একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জমিয়াতুল ফালাহ মাঠে প্রায় ৬৫ হাজার স্কয়ার ফিট এলাকায় প্যান্ডেল করা হয়েছে। যেখানে ২০ থেকে ২৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে তীব্র বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে জমিয়াতুল ফালাহ মসজিদের ভেতরে জামাত স্থানান্তরের প্রস্তুতিও রয়েছে।

এদিকে ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিদের প্রবেশ ও প্রস্থানের সুবিধার্থে ৩টি বড় ফটক ও ২টি ছোট ফটকের ব্যবস্থা করা হয়েছে। পুরো মাঠ ও আশপাশের এলাকাজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি স্থাপন করা হয়েছে পর্যাপ্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

প্রসঙ্গত, এবার চসিকের তত্ত্বাবধানে নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো- লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রাদি.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)। এছাড়া জেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরে ৯৬টি এবং বিভিন্ন উপজেলায় ২৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ভিডিও