শনিবার, ১৩ জুন ২০২৬

ঈদ আনন্দ মাটি করে দিতে পারে মৌসুমী বৃষ্টি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:৫৭

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। নগরীর নিম্নাঞ্চল এলাকায় সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। দিনভর আকাশ মেঘে ঢাকা। বিকাল ৪ টার দিকে আবারো বৃষ্টির ঝাপটা নগর জীবনে অস্বস্তি শুরু হয়েছে। ঈদের আগে এমন বৃষ্টির বাগড়া ঈদের আনন্দকে মাটি করে দেওয়ার শঙ্কা সৃষ্টি করেছে।

আমবাগান আবহাওয়া দপ্তরের হিসাবে, সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট ও উপকূলীয় অঞ্চলে মে মাসের শেষ দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে আপাতত নতুন করে বড় ধরনের তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঈদের দিন বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার বৃষ্টির প্রবণতা আরও জোরদার হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিনই দিনের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

ঈদের ছুটিতে থাকা অসংখ্য কর্মজীবী নাড়ির টানে বাড়ির পথে ছুটছেন। অনেকে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার সকালে যারা বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন তাদের অনেককেই বৃষ্টি বিড়ম্বনায় পড়তে হয়েছে।

নুরুল আলম কুমিল্লায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়ে বৃষ্টিতে আটকে গেছেন। প্রায় ঘণ্টা খানেক বহদ্দারহাটস্থ একটি দোকানে বসে অপেক্ষা করছেন কখন বৃষ্টি থামে ? বাড়িতে থাকা স্বজনদেরকে ফোনে জানাচ্ছেন এ দুর্গতির কথা। তিনি শুভপুর বাস স্টেশনে যাবেন। তবে বৃষ্টির জন্য যেতে পারছেন না – মুখ কালো করে এমনটাই জবাব দিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও