বুধবার, ১৭ জুন ২০২৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:৩৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হয়ে উঠেছিল। খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, এর জবাব দেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার ও দাগি আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এলাকাটিতে পুলিশ ও র‍্যাবের অ্যাকাডেমি, স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে চট্টগ্রাম কারাগার স্থানান্তরেরও কথা রয়েছে। সেখানে সন্ত্রাসীদের আর কোনো স্থান দেয়া হবে না এবং কঠোরভাবে তাদের নিয়ন্ত্রণ করা হবে।

ঈদযাত্রা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো সংকট হয়নি। মহাসড়কে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পশুর হাটে জালনোট রোধে পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে শনাক্তকারী মেশিন বসানো হয়েছে। কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনগুলো বিশেষ ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের পর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী চৌকি স্থাপন করা হয়। গত রোববার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসীরা এসে গুলি ছোড়ে র‍্যাবের ক্যাম্পে (চৌকি)। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে।

ভিডিও