শনিবার, ১৩ জুন ২০২৬

রাউজানে গরু চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৩৩

চট্টগ্রামের রাউজানে গরু চোর সন্দেহে এক অজ্ঞাতনামা বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকার রুদ্র পল্লী সংলগ্ন মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, সোমবার ভোরে গরু চোর সন্দেহে পিটিয়ে আহত করে চলে যান স্থানীয় মৌসুমি গরু ব্যবসায়ীরা। পরে তিনি মারা যান। স্থানীয় লোকজন জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন।

ঘটনাস্থলে পাশের বাড়ির দেলোয়ার হোসেন বলেন, রাত চারটার দিকে লোকজনের শব্দ শুনেছি। তবে ঘর থেকে বের হয়নি। তবে আমার ঘরের বাহিরে থাকা সিসিটিভির ফুটেজ দেখলে জড়িতদের শনাক্ত করতে পারবে পুলিশ।

রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিটিয়ে মারার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান।

পূর্বতারা/ইউডি

ভিডিও