শনিবার, ১৩ জুন ২০২৬

বোয়ালখালীতে কারখানায় চুরি করতে গিয়ে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, আটক ৩ জন

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:২১

চট্টগ্রামের বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৪মে রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনার পর পুলিশ বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরির ম্যানেজার এইচ এম মোশাররফসহ তিন কর্মকর্তাকে আটক করেছে।

অভিযোগ রয়েছে, কারখানাতে চুরি করতে গিয়ে ধরা পড়লে ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাত-পা বেঁধে কারখানাতে ফেলে রাখা হয়। ঘটনাটি ভোর রাতে ঘটেছে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা তোফায়েল আহমদ বলেন, বিসমিল্লাহ ফ্যাক্টরির এক কর্মকর্তা ওই ব্যক্তিকে দুপুর সাড়ে ১২টার সময় নিয়ে এসেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত ব্যক্তির শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। চিহ্নগুলো নোট করা হয়েছে। পুলিশকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, বিসমিল্লাহ ফ্যাক্টরির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বতারা/ইউডি/এম এম সি

ভিডিও