রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাসিন্দা ডায়ানা চাকমা (২৬) দীর্ঘদিন ধরে পিত্তথলির সংক্রমণ ও পিত্তপাথর রোগে ভুগছিলেন। তবে রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় ডায়ানার সফল অস্ত্রোপাচার হয়েছে। তার পিত্তথলির পাথর সফল ভাবে অপসারণ করা হয়েছে। ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি অস্ত্রোপাচারের এমন সাফল্য জেলা জুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, ভৌগলিক অবস্থান ও নানান পারিপার্শ্বিক সমস্যা সব মিলিয়ে ডায়ানা চাকমাকে চিকিৎসা করাতে না পেরে তার পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়েন। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার সাজেক এলে ডায়ানার অভিভাবকরা তার কাছে সহযোগিতা চান।চেয়ারম্যান রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা: নূয়েন খীসাকে ডায়ানার চিকিৎসার দায়িত্ব দেন। চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সিভিল সার্জন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মুহাম্মদ শওকত আকবর খান ও সার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকগনকে ডায়ানার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গত ২০ মে সার্জারি বিশেষজ্ঞ ডা: টুটুল চাকমা এবং ডা: সৈকত চাকমার নেতৃত্বে একটি চৌকস টিম দ্রুততার সাথে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি পদ্ধতিতে ডায়ানার পিত্তথলীর পাথর সফলভাবে অপসারণ করেন। চিকিৎসার পর ডায়ানা চাকমা ভাল আছেন বলে জানান চিকিৎসকরা।
উল্লেখ্য যে, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি হল একটি অস্ত্রোপচার যা একটি বড় ছেদের পরিবর্তে পেটে কয়েকটি ছোট ছেদ দিয়ে গলব্লাডার অপসারণ করার জন্য করা হয়। এতে দ্রুততম সাথে রোগী সেরে উঠতে পারে।
রাঙামাটি সিভিল সার্জন ডা: নূয়েন খীসা বলেন, চিকিৎসকদের আন্তরিকতা ও রোগীর প্রতি আমাদের অঙ্গীকার দেখে হয়তো ডায়ানা চাকমা ও তার পরিবার আমাদের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করবেন। কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। ডায়নার চিকিৎসার বিষয়ে আমাদের সীমাবদ্ধতা থাকলেও সামর্থের মধ্যে ছিল, তাই তাকে আমরা সুস্থ করতে পেরেছি।
সিভিল সার্জন আরও বলেন, তবে কিছু ক্ষেত্রে আমরা রোগীর ঝুঁকি বিবেচনায় ও আমাদের সীমাবদ্ধতার কারণে অন্যত্র রেফার করতে হয়, অযথা কোনো রোগীকে রেফার করে ভোগান্তিতে আমরা ফেলতে চাই না । তবে আশার কথা হলো আমরা দিন দিন আমাদের সামর্থ্য ও সক্ষমতা বাড়াতে চেষ্টা করছি।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পিত্তথলির সংক্রমণ ও পিত্তপাথর রোগের নাম কোলেডোকোলিথিয়াসিস ও কোলেসিস্টাইটিস ।
পূর্বতারা/ইউডি/ এম ইউ