খাগড়াছড়ির গুইমারায় সরকারি উদ্যোগে খাল খননকাজে ব্যবহৃত একটি স্কেভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পিলাক খাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিলাক খাল খনন প্রকল্পের কাজে ব্যবহৃত স্কেভেটরটি রাতে খালের পাশে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এসে যন্ত্রটিতে আগুন ধরিয়ে দেয়। এতে স্কেভেটরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির প্রকল্প সভাপতি অংগ্যজয় মারমা বলেন, “রাতের আঁধারে কে বা কারা এসে স্কেভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।”
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি জানান, গত ২৮ এপ্রিল থেকে পিলাক খাল খননের কাজ শুরু হয়েছে এবং ইতোমধ্যে খালের বেশ কিছু অংশের খননকাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি স্কেভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে।”
পূর্বতারা/ইউডি/ এইচ এম